বিনোদন ডেস্ক
ঢাকা: ছোটপর্দায় ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকে দর্শকের মন জয় করার পর এবার বড় পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আরিয়ান ভৌমিক। ধারাবাহিকটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কোনো বিরতি না নিয়ে তিনি ঘোষণা দিলেন তাঁর নতুন ছবির। ‘কেমন আছো ফিরোজ?’ ছবির পর এবার ‘অস্তরাগ’ নামের একটি নতুন ছবিতে দেখা যাবে এই অভিনেতাকে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘অস্তরাগ’ ছবির শুটিং ইতোমধ্যে জোরকদমে শুরু হয়েছে। কলকাতা এবং এর আশেপাশের বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্যধারণের কাজ। এই ছবিতে আরিয়ানের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে। বড় পর্দায় এই নতুন জুটির রসায়ন কেমন হবে, তা দেখার অপেক্ষায় ভক্তরা।
ছবিটির গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নায়ক-নায়িকা। তাঁরা গল্পের সাসপেন্স ধরে রাখতে চান। আপাতত শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন আরিয়ান।
এর পাশাপাশি এই শীতেই মুক্তি পেতে যাচ্ছে আরিয়ানের আরেকটি প্রতীক্ষিত ছবি, ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘বিজয়নগরের হিরে’। এই ছবিতে দর্শক আবারও তাদের প্রিয় চরিত্র ‘সন্তু’র ভূমিকায় আরিয়ানকে দেখতে পাবেন। সব মিলিয়ে বড় পর্দায় আরিয়ানের এই প্রত্যাবর্তন ভক্তদের জন্য নিঃসন্দেহে দারুণ খবর।
বাংলাফ্লো/এফআইআর






