বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল, জাতীয় পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’। চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী এই জোটের দাবি, যারা দেড় হাজার ছাত্র-জনতা হত্যার সঙ্গে জড়িত, তাদের নির্বাচনে অংশগ্রহণ গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এই দাবিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি পেশ করেছে সংগঠনটি।

স্মারকলিপি দেওয়ার আগে আগারগাঁও মেট্রোরেল স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন কমিশনের দিকে অগ্রসর হন জুলাই ঐক্যের নেতা-কর্মীরা। নির্বাচন ভবনের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে প্লাবন তারিক ও মুসাদ্দেক আলি ইবনে মুহাম্মদসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনে প্রবেশ করে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের কাছে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা বহাল রয়েছেন, যাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দাবি আদায়ে ব্যর্থ হলে সাধারণ ছাত্র-জনতা এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরা তীব্র প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধার এবং ভোটগ্রহণে দায়িত্বরতদের ‘বডি-ওর্ন ক্যামেরা’ ব্যবহারের দাবি জানিয়েছে জোটটি।
বাংলাফ্লো/এফআইআর






