সাংবাদিক, মানবাধিকারবিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী ফারুখ ফয়সল রাজধানীর এক হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) ফারুখ ফয়সলের ছোট বোন স্নিগ্ধা আহসান (স্বপ্না) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
স্নিগ্ধা আহসান জানান, ফারুখ ফয়সল বছরখানেক ধরে অসুস্থ ছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে গত রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
আজ ধানমন্ডির সাত নম্বর রোডের মসজিদে ফারুখ ফয়সলের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান স্নিগ্ধা আহসান। তিনি বলেন, আজই মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁর দাফন হবে।
বগুড়া শহরে ফারুখ ফয়সলের পৈতৃক বাড়ি। তাঁর বাবা মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শিক্ষাবিদ মোহসীন আলী দেওয়ান।
চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা, মিডিয়া উন্নয়ন, মতপ্রকাশের আন্দোলনের স্বাধীনতা এবং উন্নয়ন যোগাযোগ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন ফারুখ ফয়সল। সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তিনি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হন। তিনি এর আগে তথ্য ও মতপ্রকাশের অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল ১৯-এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক ছিলেন।


