বিনোদন ডেস্ক
ঢাকা: ‘হেরা ফেরি’, ‘হাঙ্গামা’ কিংবা ‘গোলমাল’-এর মতো কমেডি ছবির জনপ্রিয় মুখ রিমি সেন। দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে থাকলেও বেফাঁস মন্তব্য বা সমসাময়িক বিষয় নিয়ে প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার তার ‘ধুম’ সিনেমার সহ-অভিনেতা ও বলিউড সুপারস্টার জন আব্রাহামকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘বিল্ডক্যাপস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি সেন দাবি করেছেন, ক্যারিয়ারের শুরুর দিকে জন আব্রাহাম মোটেও অভিনয় জানতেন না। তিনি কেবল বুদ্ধিমত্তার জোরেই ইন্ডাস্ট্রিতে টিকে গেছেন।
রিমি সেন বলেন, ‘জন যখন মডেলিং থেকে অভিনয়ে এলেন, তিনি অভিনয়টা ঠিক বুঝতেন না। দর্শকরাও তখন তার অভিনয় নিয়ে সমালোচনা করত। কিন্তু জন সেই সমালোচনা নিয়ে কখনো পাল্টা মন্তব্য করেননি। তিনি জানতেন তার দৌড় কতটুকু, তাই তিনি অভিনয় জানতেন না, বুদ্ধি খাটিয়ে টিকে গেছেন।’
রিমির মতে, জন অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। নিজের সীমাবদ্ধতা জানতেন বলেই ক্যারিয়ারের শুরুতে তিনি এমন সব চরিত্র বেছে নিতেন, যেখানে খুব বেশি অভিনয়ের প্রয়োজন হতো না। রিমি বলেন, ‘শুরুতে জন মূলত অ্যাকশন ধাঁচের ছবি বেছে নিতেন, যেখানে তাকে পর্দায় দেখতে ভালো লাগত। এর ফলে দর্শকরা তার অভিনয়ের ঘাটতি নিয়ে খুব একটা প্রশ্ন করার সুযোগ পেত না।’
রিমির ভাষ্যমতে, ধীরে ধীরে ক্যামেরার সামনে সাবলীল হতে শুরু করেন জন এবং অভিজ্ঞতার মাধ্যমেই দক্ষ হয়ে ওঠেন। এরপরই তিনি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সাহস পান। নিজের সম্পর্কে এই স্বচ্ছ ধারণাই তাকে আজকের অবস্থানে এনেছে বলে মনে করেন রিমি।
বাংলাফ্লো/এফআইআর






