আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: কুখ্যাত জেফরি এপস্টেইন সংশ্লিষ্ট লাখ লাখ নতুন নথি প্রকাশের পর এবার বিতর্কের মুখে পড়েছেন নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানি এবং তার মা, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। মার্কিন বিচার বিভাগের (ডিওজে) সদ্য প্রকাশিত নথিতে মীরা নায়ারের নাম উঠে আসার পাশাপাশি ২০১৭ সালের একটি ছবি ভাইরাল হওয়ার পর এই গুঞ্জন শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ২০১৭ সালের ওই ছবিতে দেখা যায়, ম্যানহাটনের লিংকন রিস্টোরান্তে আয়োজিত এক মধ্যাহ্নভোজে এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ও এক সময়ের প্রভাবশালী হলিউড পাবলিসিস্ট পেগি সিগালের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে আছেন জোহরান মামদানি, মীরা নায়ার এবং অভিনেতা ড্যানিয়েল কালুয়া। অনুষ্ঠানটি ছিল জর্ডান পিলের সিনেমা ‘গেট আউট’-এর সম্মানে আয়োজিত। যদিও পেগি সিগালের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই, তবুও এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে হলিউডে তিনি বর্তমানে একঘরে।
এছাড়া, ২০২৬ সালের ৩০ জানুয়ারি প্রকাশিত নথির একটি ইমেইলে দেখা যায়, ২০০৯ সালে মীরা নায়ারের সিনেমা ‘অ্যামেলিয়া’র একটি আফটার-পার্টি অনুষ্ঠিত হয়েছিল গিজলেন ম্যাক্সওয়েলের ম্যানহাটন টাউনহাউসে। সেই পার্টিতে বিল ক্লিনটন ও জেফ বেজোসের মতো ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তবে নথিতে কেবল তাদের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে, কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়নি।
বাংলাফ্লো/এফআইআর






