বিনোদন ডেস্ক
ঢাকা: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় ও সৌন্দর্যের জাদুতে আবারও মুগ্ধ করলেন ভক্তদের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে তাকে দেখা গেছে আভিজাত্যে মোড়ানো এক ভিন্ন লুকে। নীল রঙের কারুকাজ করা ব্লাউজ, গাঢ় গোলাপি পাড়ের শাড়ি এবং ভারী গয়নায় নিজেকে মেলে ধরেছেন এই লাস্যময়ী অভিনেত্রী।

পুরানো স্থাপত্যের পটভূমিতে তোলা এই ছবিগুলোতে জয়ার নাকে বড় নথ ও কপালে টিকলি তার ট্র্যাডিশনাল সাজকে দিয়েছে রাজকীয় আবহ। ভক্তরা মন্তব্যের ঘরে তার এই ‘টাইমলেস’ সৌন্দর্যের প্রশংসা করেছেন। তবে কেউ কেউ মন্তব্য করেছেন, ছবিতে জয়ার বয়সের ছাপ কিছুটা স্পষ্ট হলেও তার আবেদন বিন্দুমাত্র কমেনি।

এদিকে গ্ল্যামারের ঝলকানির পাশাপাশি পর্দায় জয়াকে দেখার অপেক্ষাও ফুরাচ্ছে শীঘ্রই। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সৌকর্য ঘোষাল পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ (OCD)। এই সিনেমায় জয়াকে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে দেখা যাবে। ট্রমা আর সামাজিক সংগ্রামের জটিল গল্প নিয়ে নির্মিত ছবিটি ঘিরে দুই বাংলার দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






