বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বাধার মুখে পড়েছেন জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তাদের দেখে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন এবং একপর্যায়ে ব্যানার ও ফুল কেড়ে নেন।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এনসিপির মহানগর ইউনিটের ঠিক পেছনেই ব্যানার ও ফুলের তোড়া হাতে শহীদ মিনার এলাকায় প্রবেশ করেছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। তবে সেখানে জাপা’র কেন্দ্রীয় পর্যায়ের পরিচিত কোনো নেতা উপস্থিত ছিলেন না।
জানা যায়, এনসিপির দলটি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পরই পেছনে থাকা জাতীয় পার্টির ব্যানারটি দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। উত্তেজনাকর পরিস্থিতির একপর্যায়ে তারা জাতীয় পার্টির নেতাকর্মীদের হাত থেকে ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয়। এমন তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ না করেই এলাকা ছাড়তে বাধ্য হন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
বাংলাফ্লো/এফআইআর






