বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড অভিনেতা অর্জুন কাপুরের দীর্ঘদিনের বিষণ্ণতা ও ক্রমাগত সাইবার বুলিংয়ের শিকার হওয়ার ঘটনায় এবার প্রকাশ্যে মুখ খুলেছেন তাঁর বোন, অভিনেত্রী জাহ্নবী কাপুর। মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ এবং অভিনয় দক্ষতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের জেরে অর্জুন যে কঠিন মানসিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, সে বিষয়ে জাহ্নবী তাঁর স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন।
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় অনেকেই তারকাদের নাম ব্যবহার করে বিতর্ক তৈরি করে। তাঁর মতে, যারা তারকাদের নাম ভাঙিয়ে সমালোচনা করে, তারা মূলত নিজেদের প্রচার ও সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্যই এমনটা করে থাকে।
কটাক্ষ বা ট্রোলিংকে খুব গভীরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন জাহ্নবী। তিনি মনে করেন, দিনশেষে সবাই যার যার কাজ করছে এবং সংসার চালানোর চেষ্টা করছে। তাই এসব নেতিবাচক বিষয় মনে গেঁথে রাখলে নিজেরই কষ্ট বাড়বে।
সাধারণ সমালোচনা এবং হেনস্তার মধ্যকার পার্থক্য টেনে জাহ্নবী বলেন, সমালোচনা যখন ব্যক্তিগত হেনস্তায় রূপ নেয়, তখন তা অত্যন্ত কষ্টদায়ক। তাঁর মতে, ভাই অর্জুনের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে এবং এর পেছনে কোনো যৌক্তিক কারণ ছিল না।
দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভোগা অর্জুন কাপুর বিভিন্ন সময়ে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে এই টানাপোড়েনের ইঙ্গিত দিয়েছেন। অর্জুনের এই প্রতিকূল সময়ে বোন জাহ্নবীর এমন সমর্থন ভক্তদের নজর কেড়েছে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, অনলাইন হেনস্তা একজন শিল্পীর মানসিক স্বাস্থ্যের ওপর কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে, অর্জুন কাপুর তারই একটি বড় উদাহরণ।
বাংলাফ্লো/এম এইচ এইচ






