বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের জনস্রোতে উপচে পড়েছে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকা। নির্ধারিত স্থানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ বিজয় সরণি, পুরাতন বাণিজ্য মেলার মাঠ এবং মিরপুর সড়কের বিভিন্ন স্থানে রাস্তায় দাঁড়িয়েই কাতারবদ্ধ হয়ে জানাজার প্রস্তুতি নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, মিরপুর সড়কে আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পর থেকে আর সামনে এগোনো সম্ভব হচ্ছে না। ফলে হাজার হাজার মানুষ সেখানেই দাঁড়িয়ে পড়েছেন। তবে জিয়া উদ্যানের পর মিরপুর সড়কে জানাজার মাইক বা সাউন্ড সিস্টেম না থাকায় পেছনের সারির মানুষেরা বিভ্রান্তিতে পড়েছেন। জানাজা শুরু হয়েছে নাকি শেষ হয়ে গেছে—তা বুঝতে না পেরে উৎকণ্ঠায় রয়েছেন অনেকে।
দুপুর দেড়টার পর এবং জানাজার নির্ধারিত সময় (দুপুর ২টা) পেরিয়ে যাওয়ার পরও বিজয় সরণি, মহাখালী, আগারগাঁও, শ্যামলী ও ফার্মগেটমুখী সড়কগুলো দিয়ে মানুষের স্রোত সংসদ ভবনের দিকে আসতে দেখা গেছে।
দাফন ও নিরাপত্তা: জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানে (চন্দ্রিমা উদ্যান) তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। এ কারণে জিয়া উদ্যানের ভেতরে ও বাইরে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলতে দেখা গেছে।
বাংলাফ্লো/এফআইআর






