বিনোদন ডেস্ক
ঢাকা: ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের সমাপনী রাতটি আনন্দ-উচ্ছ্বাসের বদলে বিষাদে রূপ নিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হাজারো দর্শক যখন দেশবরেণ্য রকস্টার জেমসের গানে মাতোয়ারা হওয়ার অপেক্ষায়, ঠিক তখনই বিশৃঙ্খলায় পণ্ড হয়ে যায় পুরো আয়োজন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আয়োজকদের চরম অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন ‘নগরবাউল’ জেমস।
নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার খবর পেয়ে অনুষ্ঠানস্থলে না গিয়েই গেস্ট হাউজ থেকে ঢাকায় ফিরে আসেন জেমস। এ বিষয়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “এটি সম্পূর্ণ আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।” সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাত সাড়ে ১০টার দিকে নদী গবেষণা ইনস্টিটিউটের গেস্ট হাউজ থেকে কড়া মেজাজে তড়িঘড়ি করে গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।
নগরবাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, তারা সন্ধ্যা সাড়ে ৭টায় ফরিদপুর পৌঁছান। কিন্তু গেস্ট হাউজে থাকাবস্থায়ই ভেন্যুতে বিশৃঙ্খলার খবর আসতে থাকে। রাত সাড়ে ১০টায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আয়োজকরাই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত জানান। এরপর তারা ঢাকায় ফিরে আসেন।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি কেবল নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ছিল। কিন্তু জেমসের আসার খবরে হাজার হাজার অনিবন্ধিত বহিরাগত স্কুল গেটে ভিড় জমায়। ভেতরে ঢুকতে বাধা দিলে তারা গেট ভেঙে এবং দেয়াল টপকে ঢোকার চেষ্টা করে। একপর্যায়ে স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।
বহিরাগতদের হামলায় ও ইটের আঘাতে আয়োজক কমিটির আহ্বায়কসহ প্রায় ২৫-৩০ জন আহত হন। এদের মধ্যে ১০-১২ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। উৎসবের এমন করুণ পরিসমাপ্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
বাংলাফ্লো/এফআইআর






