বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধর্মীয় বিশ্বাস ও রাজনীতি নিয়ে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন, “জামায়াতের ইসলাম আর আমার ইসলাম এক না।” জামায়াতকে ‘ইসলাম ধর্মের বিরোধী’ এবং ‘ওয়াহাবী’ মতাদর্শের অনুসারী বলে অভিহিত করে, তিনি জামায়াত আমিরের রাজনৈতিক অতীত নিয়েও প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি দৈনিক ‘যুগান্তর’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির এই নেতা বলেন, “সুফিবাদী বিশ্বাসী মানুষ যারা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে, আমি তাদের সঙ্গে। জামায়াত তো ওহাবী, এরা নবীরে বলে আমাদের বড় ভাই লাগে। জামায়াত হলো ইসলাম ধর্মের বিরোধী।”
সাক্ষাৎকারে ফজলুর রহমান জামায়াতে ইসলামীর আমিরের (ডা. শফিকুর রহমান) রাজনৈতিক অতীত নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, “জামায়াতের আমিরকে দেখতে আমার দাদার মত, কিন্ত আমার চেয়ে ১০ বছরের ছোট, আমি তো বলি, বসেন আমার সঙ্গে। করতেন তো জাসদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সমাজ বিপ্লব করবেন, ধর্ম বিশ্বাস করতেন না। এরপর এখন হইছেন একদম আমিরে জামায়াত।”
তিনি জামায়াত আমিরকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আপনি যে ধর্মটা জামায়াতের নামে প্রচার করেন সেটা কী ধরনের ধর্ম, দেখি আপনি বসেন আমার সঙ্গে। আল্লাহ আমাকে পীর আউলিয়া, কুতুব, দরবেশের দোয়া দিছে। হযরত শাহজালাল, শাহপরাণের দোয়া আমি পাইছি।”
বিএনপির এই নেতা অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ইসলামের আধ্যাত্মিক দিক, বিশেষ করে মারফাত ও তরিকতকে মানে না। তিনি বলেন, “মারফাত না থাকলে, তরিকত না থাকলে ইসলাম ধর্ম হয় কী করে। আপনি তো মারফত, তরিকত মানেন না। জামায়াত তো মানে না।”
তিনি আরও বলেন, “আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী বোরাকে গেছিল। আপনাকে বিশ্বাস করতে হবে নবী হল খাতিমুন্নবী, দুনিয়ার সর্বশেষ নবী, পৃথিবীতে নূরের নবী। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন, যদি বলেন নবী আমাদের মতই মানুষ তাহলে হবে না।”
বাংলাফ্লো/এফআইআর






