চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
আজ (২২ অক্টোবর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতাদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএনপির সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, আসন্ন নির্বাচনের আগে প্রশাসনে যেকোনো রদবদল তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হবে। জেলা প্রশাসক পদে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান।
প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস উইং জানায়, আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি মহা আয়োজন—যেখানে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম ব্যক্তিকেই আমরা বেছে নেব। এটি আমার তত্ত্বাবধানে থাকবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা কিছু প্রয়োজন, আমরা তা করব।
রাজনৈতিক সংলাপের এই ধাপকে আসন্ন নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টা ধারাবাহিকভাবে বৈঠক করছেন।


