আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলের অন্যতম নিরাপদ বাণিজ্যিক এলাকা শাহর-ই-নও-তে একটি রেস্তোরাঁয় শক্তিশালী বোমা হামলায় এক চীনা নাগরিকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসআইএল (আইএস) এক বিবৃতির মাধ্যমে এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে।
পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হামলাটি এমন একটি এলাকায় হয়েছে যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, শপিং কমপ্লেক্স ও দূতাবাস রয়েছে। চীনা নুডলস বিক্রির জন্য পরিচিত ওই রেস্তোরাঁটি যৌথভাবে পরিচালনা করতেন এক চীনা মুসলিম দম্পতি ও একজন আফগান নাগরিক। বিস্ফোরণটি রেস্তোরাঁটির রান্নাঘরের কাছে ঘটে।
নিহত চীনা নাগরিকের নাম আইয়ুব বলে শনাক্ত করা হয়েছে। আইএসআইএল-এর মুখপত্র আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিশোধ হিসেবেই চীনা নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে তারা দাবি করে, এটি ছিল একটি আত্মঘাতী বোমা হামলা। উল্লেখ্য, জিনজিয়াংয়ে প্রায় ১ কোটি উইঘুর মুসলমানের বসবাস এবং বেইজিংয়ের বিরুদ্ধে সেখানে দীর্ঘদিনি ধরে দমন-নিপীড়নের অভিযোগ রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের, যা চীন সরকার সবসময় অস্বীকার করে আসছে।
বাংলাফ্লো/এফআইআর






