আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: তেহরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন দাবির কড়া জবাব দিয়েছে ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি জানিয়েছেন, তেহরান এখনো পুরোদমে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ চালিয়ে যাচ্ছে। আজ শুক্রবার (২০ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত দৈনিক ‘ইরান’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার ইসরায়েলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তিনি জোর দিয়ে বলেন, “আমরা জয়ী হতে যাচ্ছি এবং ইরান ধ্বংস হচ্ছে।”
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবির জবাবে আইআরজিসির মুখপাত্র জেনারেল নাঈনি বলেন, “আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতার স্কোর ২০। এ বিষয়ে কোনো উদ্বেগ নেই।” তিনি আরও জানান, যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও ইরানের এই নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন একটি বিস্ময়কর ব্যাপার এবং মজুতের ক্ষেত্রেও তাদের কোনো সমস্যা নেই।
ইরানের প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনুযায়ী, ২০ স্কোরকে একটি পূর্ণাঙ্গ বা নিখুঁত (১০০%) অবস্থা হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ, তাদের সক্ষমতায় কোনো ধরনের ঘাটতি নেই বলে দাবি করেছে আইআরজিসি।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এই ইরানি জেনারেল। দেশের জনগণের মনোভাব তুলে ধরে তিনি বলেন, “এখানকার মানুষ চায় শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলুক। দেশ থেকে যুদ্ধের ছায়া সরে গেলেই কেবল এই যুদ্ধের সমাপ্তি ঘটবে।”
বাংলাফ্লো/এফআইআর



