আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ১৫ দিনে এই জলপথে বিভিন্ন দেশের পতাকাবাহী ১২টিরও বেশি ট্যাংকার জাহাজ ইরানি হামলার শিকার হলেও, ব্যতিক্রম হিসেবে নিরাপদ রয়েছে ভারতীয় জাহাজগুলো। জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো ভারতীয় জাহাজে হামলা না করার বিশেষ নির্দেশ দিয়েছেন।
কী কারণে ভারতকে এই ছাড় দেওয়া হলো, তা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, এর নেপথ্যে কোনো ‘গোপন চুক্তি’ বা ‘বিনিময়’ নেই। গতকাল রোববার (১৫ মার্চ) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “লুকোছাপার কোনো ব্যাপার নেই। আমি ইরানের সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি এবং তার কিছু ফলাফল এসেছে। পুরো ব্যাপারটিই ঘটেছে দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে।” যেকোনো সমস্যা সমাধানে ভারত যে সব সময় যুক্তি ও সমন্বয়কে অগ্রাধিকার দেয়, সে কথাও স্মরণ করিয়ে দেন জয়শঙ্কর।
হরমুজ প্রণালিকে বলা হয় ‘জ্বালানির বৈশ্বিক দরজা’, কারণ বিশ্বের মোট তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ এই পথ ব্যবহার করে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরুর পর এই রুটে ইরান কঠোর বিধিনিষেধ আরোপ করলেও, ভারতের চারটি ট্যাংকার জাহাজ—পুষ্পক, পরিমল, শিবালিক এবং নন্দা দেবী নিরাপদে এই পথ অতিক্রম করেছে। এর মধ্যে প্রথম দুটিতে জ্বালানি তেল এবং পরের দুটিতে এলপিজি গ্যাস ছিল।
বাংলাফ্লো/এফআইআর






