আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মঙ্গলবার ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর ও হাইফা বন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। শুধু ইসরায়েলই নয়, একই দিনে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান, যা মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে চরম উত্তেজনা তৈরি করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্যমতে, মঙ্গলবার ভোররাতের দিকে ড্রোন ব্যবহার করে বেন গুরিয়ান বিমানবন্দরে অবস্থানরত বিমানে জ্বালানি ভরার কাজে নিয়োজিত অবকাঠামোতে এই হামলা শুরু হয়।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, গুরিয়ান বিমানবন্দরের পাশাপাশি হাইফা বন্দর এলাকার বিভিন্ন সামরিক ও মহাকাশ শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইসরায়েলের বাইরেও বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটির ওপর চালানো এ ধরনের হামলায় সংযুক্ত আরব আমিরাতের একজন সৈন্য নিহত এবং বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছেন। এই হামলার জন্য তারা সরাসরি ইরানকে দায়ী করেছে।
বাংলাফ্লো/এফআইআর






