আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী সফলভাবে এসব হামলা প্রতিহত করেছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরানের পক্ষ থেকে সৌদি আরবের দিকে ধেয়ে আসে একাধিক ড্রোন ও মিসাইল। এর মধ্যে রিয়াদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক মিসাইল এবং হাফার আল-বাতিন এলাকায় দুটি ড্রোন নিক্ষেপ করা হয়।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই ‘মিসাইলের ঢেউ’ এবং ড্রোন হামলাগুলো আকাশেই ধ্বংস করে দিয়েছে। সশস্ত্র বাহিনী পরিস্থিতি সম্পূর্ণ মোকাবিলা করছে বলে জানানো হয়েছে।
ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলো সফলভাবে আটকে দেওয়ার কারণে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।
বাংলাফ্লো/এফআইআর





