আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, যদি এই দুই দেশ নতুন করে কোনো আগ্রাসন চালায়, তবে তার দেশ গত জুন মাসের যুদ্ধের তুলনায় আরও কঠোর ও দৃঢ় জবাব দেবে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অফিশিয়াল ওয়েবসাইট Khamenei.ir-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান দাবি করেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনের সময়ের তুলনায় ইরান এখন সামরিক দিক দিয়ে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি বলেন, “আমাদের সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালীভাবে তাদের দায়িত্ব পালন করছে। সব ধরনের সমস্যা থাকা সত্ত্বেও অস্ত্র ও জনবলের দিক দিয়ে তারা আগের চেয়ে আরও শক্তিশালী। তাই তারা যদি আবার হামলা করতে চায়, তবে স্বাভাবিকভাবেই আরও কঠোর জবাবের মুখে পড়বে।”
জাতীয় ঐক্যই ঢাল: সম্ভাব্য বিদেশি আগ্রাসন মোকাবিলায় তিনি জাতির ঐক্যকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। তার মতে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে শত্রুরা ইরানে হামলা চালাতে নিরুৎসাহিত হবে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আগের চেয়ে ভালো উল্লেখ করে পেজেশকিয়ান আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় বড় অগ্রগতির কথা জানান। তিনি ঘোষণা দেন, এ বছরই তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক করিডোরের কাজ সম্পন্ন হবে। এগুলো হলো: ১. আস্তারা-রাশত করিডোর। ২. শালামচেহ-বসরা করিডোর। ৩. জাহেদান-চাবাহার করিডোর।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই এসব মেগা প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাফ্লো/এফআইআর






