বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় তারা হত্যা বিচারের দাবির পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর স্লোগান দেন।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, “আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, আপনারা অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক নাই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না।”
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কঠোর অবস্থানের কথা জানিয়ে জাবের বলেন, “বাংলাদেশের তিন পাশ থেকে ভারতীয় আধিপত্যবাদ ঘিরে আছে, যার কারণে আমরা ভারতীয় আধিপত্যের বিপক্ষে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্যবাদ খাটাতে চায়, আমরা কি আমেরিকার বিরুদ্ধে কথা বলব না? আমরা কি কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিয়ে দিব? না, দিব না।”
শহীদ ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ওসমান হাদি আমাদের লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। বাংলাদেশের সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে।
বাংলাফ্লো/এফআইআর






