বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতেই এই ঝটিকা সফরে এসেছেন জয়শঙ্কর। এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সফরের কথা জানিয়েছিল।
এই সফরটি কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। খালেদা জিয়ার প্রয়াণে এই উচ্চপর্যায়ের সফর ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন বার্তা বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
ধারণা করা হচ্ছে, বিমানবন্দর থেকে তিনি সরাসরি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বা জানাজাস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং অন্তর্বর্তী সরকারের শীর্ষনেতাদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করতে পারেন।
বাংলাফ্লো/এফআইআর






