জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের ‘সম্পূর্ণ নিরপেক্ষ’ থেকে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।
শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত এক প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বডি ওর্ন ক্যামেরা’ বাধ্যতামূলক ও স্বচ্ছতা: আইজিপি বাহারুল আলম বলেন, ‘দায়িত্ব পালনের সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে জনগণের আস্থা সুদৃঢ় হবে।’ তিনি আরও বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।
সভায় উপস্থিত পুলিশ অফিসার ও ফোর্স সদস্যরা নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি কিছু যৌক্তিক দাবি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
দ্বীপ থানাগুলোর জন্য স্পিড বোট সরবরাহ।
মোটরসাইকেল ক্রয়ের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা।
দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি।
নির্বাচনকালীন দায়িত্বপালনকারীদের সরকারি সুবিধা বৃদ্ধি।
সভায় বিশেষ অতিথি হিসেবে সিএমপি কমিশনার হাসিব আজিজ মহানগর এলাকায় প্রযুক্তিনির্ভর পুলিশিং ও আন্তঃইউনিট সমন্বয়ের ওপর জোর দেন। স্বাগত বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এবং সমাপনী বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
সভায় চট্টগ্রাম বিভাগের ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ৪৫৮ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






