বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সদরদপ্তরে তিনি এই দায়িত্বভার বুঝে নেন। এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তৎকালীন প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয় সরকার।
বিসিএস (পুলিশ) ১৫তম ব্যাচের এই চৌকস কর্মকর্তার কর্মজীবন নানা চড়াই-উতরাই ও রাজনৈতিক পটপরিবর্তনের সাক্ষী। বাগেরহাটের সন্তান আলী হোসেন ফকির ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে চাকরিচ্যুত হন। পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি তার চাকরি ফিরে পান। কর্মজীবনে এসপি হিসেবে একাধিক জেলায় এবং ডিএমপির উত্তরা জোনের ডিসি হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর তিনি জাতিসংঘ মিশনেও অংশ নেন। তবে মিশন থেকে ফেরার পর তাকে রাজশাহী ডিআইজি অফিসে সংযুক্ত করা হয় এবং সেখান থেকেই ২০২২ সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
দীর্ঘ বঞ্চনার পর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আবারও আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরিতে বহাল হন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান। সর্বশেষ এপিবিএন প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর মেধা, দক্ষতা ও আইনি লড়াইয়ের ধারাবাহিকতায় এবার বাংলাদেশ পুলিশের শীর্ষ পদ আইজিপি হিসেবে নিযুক্ত হলেন তিনি।
বাংলাফ্লো/এফআইআর




