বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম তাত্ত্বিক নেতা মাহফুজ আলম বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘শীতল যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন এবং জানান, তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন না। এমনকি এনসিপি-জামায়াত জোট থেকে তাকে ঢাকা আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি নিজের আদর্শিক অবস্থানের কারণে তা প্রত্যাখ্যান করেছেন।
মাহফুজ আলম জানান, জুলাইয়ের সহযোদ্ধাদের নেতৃত্বে নাগরিক কমিটি ও এনসিপি গঠিত হওয়ায় গত দেড় বছর তিনি তাদের পলিসিগত সহযোগিতা করেছেন। তার লক্ষ্য ছিল এনসিপিকে ‘বিগ জুলাই আম্ব্রেলা’ হিসেবে দাঁড় করানো। কিন্তু তার মতে, তিনি যেসব আদর্শের কথা (নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকন্সিলিয়েশন) বলতেন, এনসিপি নেতৃত্ব তা পুরোপুরি ধারণ করতে পারেনি।
জামায়াত-এনসিপি জোট থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়নি—এমন গুঞ্জন নাকচ করে দিয়ে মাহফুজ বলেন, “আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়। কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লংস্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।” তিনি স্পষ্ট করেন, বর্তমান বাস্তবতায় সহযোদ্ধাদের প্রতি স্নেহ থাকলেও তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না।
ইতিহাসের এই পর্বকে ‘শীতল যুদ্ধ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই সময়ে কোনো পক্ষ না নিয়ে নিজেদের নীতিতে অটল থাকাই শ্রেয়। তিনি বিশ্বাস করেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। মাহফুজ আলম ঘোষণা দেন, গত দেড় বছর তিনি যে নীতিতে বিশ্বাস রেখেছেন, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক উপায়ে তা অব্যাহত রাখবেন।
বাংলাফ্লো/এফআইআর






