আগামী বৃহস্পতিবার ১৬ অক্টোবর প্রকাশ করা হবে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সেদিন সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আজ (১৩ অক্টোবর) সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
কমিটি জানায়, বৃহস্পতিবার সকাল দশটায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার খুব বেশি আনুষ্ঠানিকতা ছাড়াই বোর্ডগুলো ফল প্রকাশ করবে, যেমনটা এসএসসি ফলের সময় করা হয়েছিল।
ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ফলাফল জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে।
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd এবং http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করতে পারবে।
এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে নির্ধারিত শর্ট কোড ১৬২২২ নম্বরে এসএমএস পাঠানো যাবে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের অফিসে সরাসরি ফলাফল সরবরাহ করা হবে না। ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।
এ জন্য শিক্ষার্থীদের https://rescrutiny.eduboardresults.gov.bd এবং https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি পরবর্তীতে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও গণমাধ্যমে জানানো হবে।
গত জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন না। তবে এবার এইচএসসি ফল প্রকাশের ক্ষেত্রে অনুরূপ সরল আনুষ্ঠানিকতার মধ্যেই ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
গত ২৬ জুন থেকে শুরু হয়ে এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।


