বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউড সুপারস্টার হৃতিক রোশানের জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’-এর চতুর্থ কিস্তি নিয়ে ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। গত শনিবার (১০ জানুয়ারি) নিজের ৫২তম জন্মদিনে ‘কৃশ ফোর’ নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন এই অভিনেতা। কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জন্মদিনের বিশেষ ভিডিওতে তিনি যে বার্তা দিয়েছেন, তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
জন্মদিন উপলক্ষে হৃতিক রোশান সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরচর্চার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে জিমের পোশাকে ঘাম ঝরাতে দেখা গেলেও ভক্তদের নজর কেড়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং শেষ দৃশ্য। ভিডিওজুড়ে বাজছিল ‘কৃশ’ সিনেমার জনপ্রিয় গান ‘দিল না দিয়া’। আর ভিডিওর একদম শেষ পর্যায়ে হৃতিক ক্যামেরার স্ক্রিনে ‘কৃশ’-এর সেই আইকনিক কালো মাস্ক বা মুখোশটি তুলে ধরেন। লিখিত কোনো ঘোষণা না থাকলেও এই মাস্ক প্রদর্শনকেই ভক্তরা ‘কৃশ ৪’ আসার পাকা ইঙ্গিত হিসেবে ধরে নিয়েছেন।
অনেকদিন ধরেই বাজেট এবং চিত্রনাট্য নিয়ে জটিলতায় আটকে ছিল এই সিনেমা। এর আগে পরিচালক রাকেশ রোশন জানিয়েছিলেন, চিত্রনাট্য প্রস্তুত থাকলেও বিশাল বাজেটের কারণে কাজ শুরু করতে দেরি হচ্ছে। তবে ভেতরের খবর, সম্প্রতি একটি জুতসই বাজেট চূড়ান্ত হয়েছে। গুঞ্জন রয়েছে, এবারের কিস্তিটি হৃতিক রোশান নিজেই পরিচালনা করতে পারেন এবং যশরাজ ফিল্মস (YRF) এর সঙ্গে যৌথভাবে এটি নির্মিত হতে পারে।
বাংলাফ্লো/এফআইআর






