বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন স্বপ্ন দেখার সূচনা হলেও সেই স্বপ্ন বাস্তবায়নের পথে দেশ বারবার হোঁচট খাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দুর্নীতি একটি বহুমাত্রিক সমস্যা, অথচ বর্তমান সরকার এখনো টেকসই কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘অর্থনৈতিক শাসন ও দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে ড. হোসেন জিল্লুর বলেন, ‘দেশে বিনিয়োগ স্থবির হয়ে আছে এবং কর্মসংস্থানের সুযোগ কমছে। মেধাবী তরুণরা এখন আর দেশে থাকতে চায় না। রাষ্ট্র চলছে মূলত আরএমজি (পোশাক শিল্প) ও রেমিট্যান্সের ওপর ভর করে।’ তিনি আরও বলেন, আমলাদের অত্যধিক ক্ষমতায়ন হয়েছে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বদলে ওভার-সেন্ট্রালাইজেশন (অতি-কেন্দ্রীকরণ) বেড়ে গেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জনগণ আর ফাঁকা প্রতিশ্রুতি শুনতে চায় না; তারা বাস্তব ও দৃশ্যমান কার্যক্রম দেখতে চায়। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ ক্রমেই সীমিত হয়ে পড়ায় সাধারণ মানুষ উপেক্ষিত বোধ করছে।’
সংলাপে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘ভালো মানুষ রাজনীতিতে না এলে সংসদেও ভালো মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব নয়। এমপিদের সংসদে বা নির্বাচনী এলাকায় পূর্ণকালীন অফিস করতে হবে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘দুঃখজনকভাবে এমপি হোস্টেলে অনেক সময় এমপিদের আত্মীয়-স্বজনরা থাকেন এবং সেখানে নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ শোনা যায়, যা নিন্দনীয়।’
সিজিএস-এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, র্যাপিডের নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, কোনো সরকারের আমলেই দুর্নীতি কমেনি, বরং রাষ্ট্রীয় দুর্নীতি ও হয়রানি এখন ‘সিস্টেমেটিক’ হয়ে গেছে। বাংলাদেশে একজন ভিক্ষুককেও চাঁদা দিতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক।
বাংলাফ্লো/এফআইআর






