বিনোদন ডেস্ক
ঢাকা: দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘আঁতকা’। আগামী ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পেতে যাওয়া এই সিরিজটি হতে যাচ্ছে দর্শকদের জন্য চরকির পক্ষ থেকে নতুন বছরের প্রথম উপহার। ইনফ্লুয়েন্সার ও লেখক রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নির্মিত এই গল্পে রয়েছে হরর ও কমেডির অদ্ভুত এক সংমিশ্রণ। সিরিজটিতে অভিনয় করেছেন নবীন ও প্রবীণ শিল্পীদের এক বিশাল দল, যাদের মধ্যে রয়েছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমী নাগ, আরশ খান, সুনেরাহ বিনতে কামাল, সোহেল মণ্ডল ও ফারিহা রহমান প্রমুখ।
সম্প্রতি সিরিজটির প্রচারণায় এক আড্ডায় বসেছিলেন এই তারকারা, যেখানে সূত্রধরের ভূমিকায় ছিলেন রাবা খান। আবুল হায়াত এই মিলনমেলাকে ‘ফ্যামিলি আড্ডা’ হিসেবে অভিহিত করেন, কারণ সিরিজে তারা সবাই এক পরিবারের সদস্য। শুটিংয়ের অভিজ্ঞতার ঝুলি খুলতে গিয়ে উঠে আসে নানা মজার তথ্য। সাবেরী আলম জানান, এক দৃশ্যে তিনি ভুল করে তুষার খানকে নিজের স্বামী ভেবে অভিনয় করছিলেন, যা আসলে ছিল ভাসুরের চরিত্র। অন্যদিকে, জ্যেষ্ঠ অভিনেতা আবুল হায়াতের সঙ্গে প্রথম দৃশ্যে অভিনয় করার চিন্তায় আগের রাতে তরুণ অভিনেতা আরশ খানের জ্বর চলে এসেছিল। শুটিং সেটে হাসাহাসি এতটাই হতো যে, পরিচালককে মাঝে মাঝে কাজ থামিয়ে সবাইকে শান্ত করতে হতো।
নির্মাতা আরাফাত মহসীন নিধি ও রাবা খান জানান, ‘আঁতকা’ শব্দটি লোকাল বা স্থানীয়ভাবে বহুল ব্যবহৃত, যার অর্থ আচমকা। ২০২৩ সালে এই গল্পের ভাবনা তাদের মাথায় আসে এবং তারা সিদ্ধান্ত নেন পারিবারিক ড্রামার সঙ্গে কিছুটা ভয়ের আমেজ মেশাবেন। চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “নতুন বছরে সবাই যেন পারিবারিক একটা গল্প পায়, একটু ফান করতে পারে এবং একটু হরর ফিল পায়—সেই ভাবনা থেকেই ‘আঁতকা’।” নির্মাতা নিধি তার ছোটবেলায় দেখা গুণী শিল্পীদের নিয়ে মাল্টি-কাস্টিং প্রজেক্ট করতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বাংলাফ্লো/এফআইআর






