বিনোদন ডেস্ক
ঢাকা: ছোটপর্দায় চমৎকার অভিনয় দিয়ে পরিচিতি পেলেও এবার গান দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সদ্য সমাপ্ত ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে তার নতুন মৌলিক গান ‘দুজন দুজনার’। নব্বই দশকের চলচ্চিত্রের গানের আদলে তৈরি এই গানটি নিয়ে দর্শক-শ্রোতাদের কাছ থেকে দারুণ ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
বর্তমান সময়ের গতানুগতিক বিট বা আধুনিক মিউজিক অ্যারেঞ্জমেন্টের বাইরে গিয়ে পরিকল্পিতভাবেই গানটিতে কিছুটা পুরোনো ধাঁচের আমেজ রাখা হয়েছে। দর্শকরাও গানটি শুনে নব্বই দশকের সেই বিশেষ ফ্লেভারের কথা মনে করছেন। তবে পেশাদার শিল্পী না হওয়ায় গান গাওয়া নিয়ে হিমির মনে এক ধরনের জড়তা ও ভয় কাজ করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি তো গানের মানুষ না। গান গাইতে সব সময় ভয়ে থাকি— মানুষ ট্রল না করে দেয় কিংবা যদি পছন্দ না করে! এই গান শ্রোতারা পছন্দ করেছেন, এটা আমার জন্য বড় পাওয়া।”
শ্রোতাদের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে সাহস জোগালেও, গানের ক্যারিয়ার নিয়ে আপাতত বড় কোনো পরিকল্পনা নেই এই অভিনেত্রীর। হিমি স্পষ্ট জানিয়েছেন, তিনি মূলত অভিনয়েই নিয়মিত থাকতে চান এবং গানের ক্ষেত্রে পেশাদার হওয়ার বিশেষ কোনো ইচ্ছা তার নেই। উল্লেখ্য, এর আগে বিভিন্ন নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসা কুড়ালেও ‘দুজন দুজনার’ গানটির মাধ্যমে গায়িকা হিসেবে তিনি নতুন করে নজরে এসেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ






