বিনোদন ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রে অবস্থানরত জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে অভিনেতা হাসান জাহাঙ্গীরের বিয়ের গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি টেলিফিল্মে সহশিল্পী হিসেবে কাজ করার পর থেকেই এই ভুয়া খবরের সূত্রপাত। এতে চরম বিব্রত ও ক্ষুব্ধ হাসান জাহাঙ্গীর জানিয়েছেন, এই অপপ্রচার বন্ধ না হলে তিনি ১০ কোটি টাকার মানহানি মামলা করবেন।
হাসান জাহাঙ্গীর অভিযোগ করেন, প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘এআই (AI) দিয়ে ছবি বানিয়ে, আমাদের হাজবেন্ড-ওয়াইফ বানিয়ে সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার আত্মীয়-স্বজনরা ফোন করে জানতে চাইছে আমি মৌসুমীকে বিয়ে করেছি কি না। এটা চরম বিব্রতকর।’
ইউটিউব চ্যানেল ও ভুঁইফোড় পোর্টালগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘ভিউ দিয়ে টাকা বানাতে গিয়ে একজন কিংবদন্তি শিল্পীর সম্মানহানি করা হচ্ছে। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাব। আজকের পর থেকে এমন কোনো নিউজ বা ভিডিও ছড়ানো হলে সাইবার সুরক্ষা আইনে ১০ কোটি টাকার মানহানি মামলা করব।’
গুজব প্রসঙ্গে মৌসুমীর স্বামী ওমর সানীর প্রতিক্রিয়া কী—এমন প্রশ্নে হাসান জাহাঙ্গীর জানান, ওমর সানীর সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক ও পেশাগত সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘এই বয়সে এসে কি আবার বিবাহ করা যায়? সানী ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। নিন্দুকের কথায় কান দেওয়ার সময় নেই।’
উল্লেখ্য, গত বছর হাসান জাহাঙ্গীরের বিপরীতে ‘সুন্দরী পিএস চাই’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেন মৌসুমী। নাটকটি যুক্তরাষ্ট্র ও দেশের কয়েকটি চ্যানেলে প্রচারের পর ব্যাপক সাড়া ফেলে। এরপরই একটি মহল তাদের বিয়ে নিয়ে গুজব ছড়াতে শুরু করে।
বাংলাফ্লো/এফআইআর






