বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বহুল আলোচিত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি রমনা ও কাফরুল থানার মামলায় দীর্ঘ দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, তানভীর মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া জেলার হাজী কালু মাহমুদের ছেলে এবং তাঁর কয়েদি নম্বর ছিল ৬৩৭৩/এ। শনিবার দুপুরে কারাগারে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে তানভীর মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১টা ৩৫ মিনিটে তাঁকে কারাগার থেকে হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। বিকেল ৪টায় তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকের নির্দেশে ৬০২ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর এক্সট্রা বেডে রাখা হয়।
হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনায় হলমার্ক গ্রুপ এবং তানভীর মাহমুদ দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






