বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই তরুণ নেতার স্বাস্থ্যের অবনতি হওয়ায় খোদ সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান তাকে হাসপাতালে দেখতে যান এবং বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখতে গিয়েছিলেন। ফোনালাপে ড. বালাকৃষ্ণান জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
হাদির সংকটাপন্ন অবস্থার খবর শুনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং এই তরুণ বিপ্লবীবীর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।
এদিকে হাদিকে হত্যাচেষ্টার ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ৮ জনের হাতবদল হয়েছিল এবং তাতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল। এছাড়া হামলার অন্যতম সন্দেহভাজন ফয়সালের বাবা-মাকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাংলাফ্লো/এফআইআর






