বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেছে। এই হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আর্থিক লেনদেনের তথ্য। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে সশরীরে উপস্থিত হয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ঘোষণা দিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করা হবে।
ডিএমপি কমিশনার জানান, এটি একটি পরিকল্পিত ও রহস্যজনক হত্যাকাণ্ড। তদন্ত চলাকালে পুলিশ ২১৮ কোটি টাকার একটি স্বাক্ষরিত চেক উদ্ধার করেছে, যা এই হত্যাকাণ্ডের পেছনে বড় কোনো আর্থিক সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। তিনি বলেন, “এই হত্যাকাণ্ডে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের তথ্য পাওয়া গেছে। এর পেছনে একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে।”
এখন পর্যন্ত এই মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করে সিআইডিতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে ডিবি পুলিশ।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে কমিশনার বলেন, “তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তবে প্রতিপক্ষ সতর্ক হয়ে যেতে পারে বলে সব তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না। পুলিশ, ডিবি ও র্যাব যৌথভাবে কাজ করছে।”
আগামীকাল (রোববার) ডিবি কার্যালয়ের মিডিয়া সেন্টারে ডিবির প্রধান এই মামলার বিস্তারিত তথ্য ও অগ্রগতির বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানানো হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






