বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের ঘনিষ্ঠ আত্মীয়সহ তিন সন্দেহভাজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের একাধিক ব্যাটালিয়নের যৌথ অভিযানে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—মূল অভিযুক্ত ফয়সাল করিমের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং মারিয়া নামের আরেকজন।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষরিত বিপুল পরিমাণ চেকবই এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। র্যাব ধারণা করছে, এই হত্যাচেষ্টার পেছনে বড় কোনো আর্থিক লেনদেন বা পরিকল্পনা থাকতে পারে, যা এই চেকবই ও ডিভাইসগুলো বিশ্লেষণ করলে বেরিয়ে আসবে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে। এই তিনজনকে আটকের মধ্য দিয়ে তদন্তে বড় অগ্রগতির আশা করছে র্যাব।
বাংলাফ্লো/এফআইআর






