জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাস বা হামলার মাধ্যমে নির্বাচন বানচাল করার দিন শেষ। তিনি বলেন, “আমরা যখন চট্টগ্রামে সভা করছি, ঢাকার আট নম্বর আসনের প্রার্থী ওসমান হাদি হয়তো আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তফসিল ঘোষণার পরপরই যারা নির্বাচন হতে দেবে না বলেছিল, তারা নানা কর্মকাণ্ড শুরু করেছে। তবে কোনো অপচেষ্টা করেই নির্বাচন বানচাল বা পেছানো সম্ভব নয়।”
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে আয়োজিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, “যারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নানান অপকর্মের মাধ্যমে নির্বাচন ব্যাহত করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না। তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল হিসেবে বিএনপিই রাষ্ট্র পরিচালনার যোগ্য।”
সম্প্রতি লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, “আমি চসিকের কার্যক্রম তুলে ধরলে তিনি ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’-এর বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে গরিব, দুঃস্থ ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এই সুবিধার আওতায় আনতে হবে। এটি তারেক রহমানের উদার মানসিকতার বহিঃপ্রকাশ।”
বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে মেয়র বলেন, “ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।”
সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আবু সুফিয়ান। মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বাংলাফ্লো/এফআইআর






