বিনোদন ডেস্ক
ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ইদানীং স্টেজ শো বা জনসমক্ষে সব সময় চোখে সানগ্লাস পরে থাকেন। অনেকেই মনে করতেন, হয়তো বাবা পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদের আইকনিক স্টাইল অনুসরণ করেই ছেলের এই লুক। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে হাবিব জানালেন, বিষয়টি বংশগত নয়, বরং এর পেছনে রয়েছে কারিগরি ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কারণ।
সানগ্লাস পরা নিয়ে ভক্তদের কৌতূহল মেটাতে হাবিব বলেন, ‘বাবার স্টাইল হলে তো অনেক আগে থেকেই এমনটা করতাম। আমি তো তাকে জন্মের পর থেকেই দেখে আসছি। গত ৩-৪ বছর ধরে নিজের লুকে কিছুটা পরিবর্তন আনার জন্যই সানগ্লাস পরা শুরু করেছি।’
লুক পরিবর্তনের পাশাপাশি হাবিব মূল কারণ হিসেবে মঞ্চের তীব্র আলোর কথা উল্লেখ করেন।
হাবিবের মতে, গত ১০ বছরের তুলনায় বর্তমানের স্টেজ লাইট অনেক বেশি উজ্জ্বল ও শক্তিশালী।
পারফর্ম করার সময় লাইটের অতিরিক্ত ফ্ল্যাশ সরাসরি চোখে লাগে, যা অস্বস্তিকর। তাই চোখের আরাম বা ‘কমফোর্ট’-এর কথা ভেবেই তিনি সানগ্লাস পরেন।
হাবিব মনে করেন, ভক্তরা তাকে সবসময় ফ্যাশনেবল লুকে দেখতে চান। তাই নিজের আরাম আর ভক্তদের চাওয়া—এই দুয়ের মেলবন্ধন ঘটাতেই সানগ্লাস এখন তার নিত্যসঙ্গী।
বাংলাফ্লো/এফআইআর






