দুর্বৃত্তদের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংকের আসবাবপত্র ও নথিপত্র
জেলা প্রতিনিধি
মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজ-সংলগ্ন গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই নাশকতামূলক আগুনের ঘটনা ঘটে।
মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ব্যাংকের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, “কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন দিয়েছে। এতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।”
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।
বাংলাফ্লো/এফআইআর






