বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদেরও নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনার আয়োজন করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে দেশজুড়ে উদ্বেগ রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






