বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই বাদ দেওয়ার প্রতিবাদে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব ধরনের সম্প্রচার নিষিদ্ধ করেছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিসিআইয়ের চাপে পড়ে কেকেআর যেভাবে মুস্তাফিজকে বাদ দিয়েছে, তা বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। তাই জনস্বার্থে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার বাংলাদেশে বন্ধ থাকবে। উল্লেখ্য, ভারতের কট্টরপন্থী দলগুলোর দাবির মুখে গত শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআইয়ের নির্দেশনায় কেকেআর মুস্তাফিজকে দল থেকে বাদ দেয়। এর ফলে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল বাংলাদেশের কোনো চ্যানেলে দেখা যাবে না। বাংলাফ্লো/এফআইআর






