বিনোদন ডেস্ক
ঢাকা: দ্বিতীয় বিবাহবার্ষিকীর আনন্দ দ্বিগুণ করে ভক্তদের বড় সুখবর দিলেন বলিউড অভিনেতা রণদীপ হুডা ও তাঁর স্ত্রী লিন লাইশরম। তারকা দম্পতি জানিয়েছেন, খুব শিগগিরই তাঁদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। শুক্রবার (২৯ নভেম্বর) নিজেদের বিবাহবার্ষিকীর দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তাঁরা।

রণদীপ ও লিন তাঁদের একটি যৌথ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ভালোবাসা, রোমাঞ্চে ভরা দুই বছরের পথচলা, এখন… এক দুরন্ত, ছোট্ট সদস্যও আসতে চলেছে।” এই ঘোষণার পর থেকেই বলিউড সহকর্মী, বন্ধু ও অনুরাগীদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন এই দম্পতি।
২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরী রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণদীপ ও মণিপুরী কন্যা লিন লাইশরম। অভিনেত্রী ও ব্যবসায়ী লিনের সঙ্গে রণদীপের প্রথম দেখা হয়েছিল প্রায় পাঁচ বছর আগে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের থিয়েটারে। কোভিড-১৯ অতিমারীর সময় তাঁদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় এবং ২০২২ সালে তা প্রকাশ্যে আসে।
তাঁদের বিয়ে হয়েছিল মণিপুরের ঐতিহ্যবাহী ‘মেইতেই’ রীতিতে, যা সে সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। পরে মুম্বাইয়ে সহকর্মী ও বন্ধুদের জন্য একটি জমকালো সংবর্ধনার আয়োজনও করেছিলেন তাঁরা।
বাংলাফ্লো/এফআইআর






