বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার টাকা ছাড়িয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দামের তালিকা (প্রতি ভরি):
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, মানভেদে স্বর্ণের নতুন দাম নিচে দেওয়া হলো:
| স্বর্ণের মান | বর্তমান দাম (টাকা) | বৃদ্ধির পরিমাণ (টাকা) |
| ২২ ক্যারেট | ২,১৮,১১৭ | ১,০৫০ |
| ২১ ক্যারেট | ২,০৮,২০২ | ৯৯১ |
| ১৮ ক্যারেট | ১,৭৮,৪৫৯ | ৮১৬ |
| সনাতন পদ্ধতি | ১,৪৮,৫৯৯ | ৬৯৯ |
চলতি ডিসেম্বর মাসে এই নিয়ে কয়েক দফা দাম বাড়ল স্বর্ণের। এর আগে গত ১৬ ডিসেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৭০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা করা হয়েছিল। তারও আগে ১৪ ও ১২ ডিসেম্বর বড় অঙ্কের দাম বাড়ানো হয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বাড়ার কারণেই এই সমন্বয় করা হয়েছে। টানা দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে অলংকার।
বাংলাফ্লো/এফআইআর






