অর্থনীতি ডেস্ক
ঢাকা: দেশের বাজারে টানা দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম। সবশেষ ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসাদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে কার্যকর হওয়া দামগুলো হলো:
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।
অতিরিক্ত খরচ: বিজ্ঞপ্তিতে ক্রেতাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, স্বর্ণের উল্লিখিত বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
উল্লেখ্য, এর আগে গত ২ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।
বাংলাফ্লো/এফআইআর






