বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়া ও অন্যান্য ত্রুটির কারণে সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে একই কারণে ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর প্রদত্ত ক্ষমতাবলে এই গেজেট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ১২ জনের মধ্যে দিনাজপুর জেলার ৫ জন এবং চাঁদপুর জেলার ৭ জন রয়েছেন।
দিনাজপুরের বাতিলকৃতরা হলেন—তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা। অন্যদিকে চাঁদপুর জেলার বাতিলকৃতদের মধ্যে রয়েছেন—মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বাংলাফ্লো/এফআইআর






