মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সোমবার (১৩ অক্টোবর) শার্ম আল-শেখে গাজা শান্তি সম্মেলনে সভাপতিত্ব করবেন।
রোববার (১২ অক্টোবর) সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
শনিবার (১১ অক্টোবর) মিশরের রাষ্ট্রপতি কার্যালয় জানিয়েছে, সোমবার বিকেলে বিশটিরও বেশি দেশের নেতাদের অংশগ্রহণে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনের লক্ষ্য হবে “গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি নতুন যুগের সূচনা করা।”
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তার ইতালিয়ান প্রতিপক্ষ জর্জিয়া মেলোনি, ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ এবং স্পেনের পেদ্রো সানচেজও এ সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শার্ম আল-শেখে থাকবেন কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানা যায়নি। যদিও হামাস এ সম্মেলনে অংশ নেবে না বলে জানিয়েছে।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হোসাম বাদরান এএফপিকে এক সাক্ষাৎকারে বলেছেন, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী জড়িত হবে না।
গাজা নিয়ে পূর্ববর্তী আলোচনায় তিনি বলেন, হামাস মূলত কাতারি এবং মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাজ করছে।


