জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সহকর্মীকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নেবেন র্যাব ফোর্সের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এক অভিযানে গিয়ে ইয়াসিন বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন। তিনি বিজিবি থেকে প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় র্যাবের আরও তিন সদস্য এবং মনা নামের এক সোর্স গুরুতর আহত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন।
অনুসন্ধানে জানা গেছে, জঙ্গল সলিমপুরে পাহাড় দখল ও প্লট বাণিজ্য নিয়ে ইয়াসিন ও বহিষ্কৃত যুবদল নেতা রুকন গ্রুপের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব। সোমবার ইয়াসিনের নেতৃত্বে একটি বিএনপি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। রুকন গ্রুপের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াসিনকে ধরতে সাদা পোশাকে অভিযানে যায় র্যাবের একটি দল। কিন্তু সেখানে আগে থেকেই জড়ো হওয়া ইয়াসিন বাহিনীর হাজারো অনুসারী র্যাব সদস্যদের ঘিরে ফেলে, অস্ত্র ছিনিয়ে নেয় এবং জিম্মি করে বেধড়ক পিটুনি দেয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
সরকারি পাহাড় ও খাস জমি দখলকে কেন্দ্র করে জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই এক ভয়ের জনপদ। ৫ আগস্টের পটপরিবর্তনের পর একসময়ের আওয়ামী লীগ ঘনিষ্ঠ ইয়াসিন ভোল পাল্টে বিএনপির পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। এই আধিপত্যের লড়াই এবং হাজার কোটি টাকার জমির নিয়ন্ত্রণই শেষ পর্যন্ত র্যাব কর্মকর্তার প্রাণ কেড়ে নিল।
বাংলাফ্লো/এফআইআর






