স্পোর্টস ডেস্ক
ঢাকা: এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দলকে প্রস্তুত করতে একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় দল কমিটির সভায় ২০ মার্চ থেকে ক্যাম্প শুরু এবং সিলেটে হোম ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, কম্বোডিয়া ও পূর্ব তিমুরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আলোচনা চলছে। ভিয়েতনামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও র্যাংকিং জটিলতায় তারা খুব একটা আগ্রহী নয়। এদিকে মালদ্বীপ জুন উইন্ডোতে চার জাতির টুর্নামেন্টের আমন্ত্রণ জানালেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ আয়োজনের জোর পরিকল্পনা রয়েছে বাফুফের। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর পৈতৃক নিবাস হবিগঞ্জ হওয়ায় সিলেট অঞ্চলের দর্শকদের জন্য ভারত ম্যাচটি সেখানে আয়োজনের ইচ্ছা ছিল ফেডারেশনের। তখন সম্ভব না হলেও এবার মাত্র এক মাসের নোটিশে সিলেটে ম্যাচ আয়োজন নিয়ে আশাবাদী ইমরুল হাসান। ধারণা করা হচ্ছে, ম্যাচ আয়োজনের মাধ্যমে স্টেডিয়াম সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদের ওপর চাপ সৃষ্টি করতে চায় বাফুফে।
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনস্থ দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও এবং ৩১ মার্চ তার চুক্তির মেয়াদ শেষ হতে চললেও, আজকের সভায় তার ভবিষ্যৎ বা পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি। এছাড়া বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান আশ্বস্ত করেছেন, ফিফা গাইডলাইন মেনে এবার ক্লাবগুলো ২০ মার্চ থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে যথাসময়ে খেলোয়াড় ছাড়বে।
বাংলাফ্লো/এফআইআর






