বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে গত বৃহস্পতিবার তিন দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এ. আলখারেইজি, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদু এনজির সঙ্গে অনুষ্ঠিত পৃথক এসব বৈঠকে নতুন সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান তারা। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থনের প্রশংসার পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি দেশগুলো পূর্ণ সমর্থন ব্যক্ত করে। বৈঠকে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে রিয়াদ সফরের আমন্ত্রণ জানান এবং ‘ভিশন ২০৩০’-এর আলোকে বাংলাদেশে যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। অন্যদিকে, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ও রোহিঙ্গা ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে রমজানের পর বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ড. খলিলুর রহমান। এছাড়া গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা পরিচালনার জন্য গাম্বিয়াকে বিশেষ ধন্যবাদ জানায় বাংলাদেশ। পাশাপাশি আগামী এপ্রিলে বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে একটি যৌথ অনুষ্ঠান আয়োজনের বিষয়েও একমত হয় দুই দেশ। এসব গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






