জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসের ভেতরে একজন হেলপার ঘুমিয়ে থাকলেও, আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ও পুলিশ তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজিতপুর-ঢাকা সড়কে চলাচলকারী তিশা পরিবহনের বাসটি বাসস্ট্যান্ডের সামনে রাস্তার পাশে পার্ক করা ছিল। রাত ১টার দিকে, দুর্বৃত্তরা বাসের পেছনের বাম পাশের জানালা দিয়ে সিটে আগুন ধরিয়ে দেয়।
এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার আগুন ও ধোঁয়া দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে বাসস্ট্যান্ডে ডিউটিরত পুলিশ এবং স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসেন এবং আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসের হেলপার অক্ষত অবস্থায় বেঁচে যান। আগুনে গাড়ির পেছনের দিকের একটি সিট পুড়ে গেছে।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এবং বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই ঘটনার পর বাজিতপুর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






