বিনোদন ডেস্ক
ঢাকা: বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বরেণ্য চলচ্চিত্র পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু আর নেই। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’।
১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করা আব্দুল লতিফ বাচ্চুর চলচ্চিত্র যাত্রা শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে। সহকারী হিসেবে তিনি কাজ করেছেন ‘ আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’-এর মতো সিনেমায়।
১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ চিত্রগ্রাহক হিসেবে আত্মপ্রকাশ করেন। স্বাধীনতার পর ‘অবুঝ মন’ সিনেমায় তিনি চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে কাজ করে প্রশংসা কুড়ান।
কেবল চিত্রগ্রহণ নয়, পরিচালক হিসেবেও তিনি ছিলেন সফল। তার নির্দেশিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘বলবান’, ‘যাদুর বাঁশি’, ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’।
কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কার এবং ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারে ভূষিত হয়েছেন।
চলচ্চিত্র নির্মাণের বাইরেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে তিনি সততা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে তিনি বহুবার নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাফ্লো/এফআইআর






