র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফিফা। একধাপ এগিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে হংকংয়ের সাথে ৪-৩ গোলের ব্যবধানে হার এবং হংকংয়ের মাঠে লড়াই করে হার এড়িয়ে ফুটবল র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ১৮৩তম অবস্থানে এখন লাল-সবুজের দল। একধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে এসেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একধাপ পিছিয়ে সপ্তম অবস্থানে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে বেশ ভালো পারফম্যান্স ছিল জামাল-হামজাদের। তবে ৫ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। কিন্তু ব্রুনাই ১৮ পয়েন্ট কমে দুধাপ পিছিয়ে ১৮৫তম অবস্থানে যাওয়ায় বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশের বিপক্ষে জয় এবং ড্র দিয়েও সুবিধা করতে পারেনি হংকং। দুধাপ পিছিয়ে ১৪৮তম অবস্থানে তারা।
র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে স্পেন। দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনা এবং তিনে রয়েছে ফান্স। চতুর্থ স্থানে ইংল্যান্ড। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের অবস্থান পাঁচে। ষষ্ঠ অবস্থানে নেদারল্যান্ডস ও সাতে রয়েছে ব্রাজিল। অষ্টম স্থানে বেলজিয়াম, নবম স্থানে ইতালি এবং দুধাপ এগিয়ে ১০ স্থানে এসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ স্থানে আছে জাপান, তাদের অবস্থান ১৯তম। দুধাপ পিছিয়ে ভারতের অবস্থান ১৩৬তম, চার ধাপ পিছিয়ে নেপালের অবস্থান ১৮০তম।
আগামী ২১ নভেম্বর প্রকাশিত হবে ফিফার পরবর্তী র্যাঙ্কিং হালনাগাদ। সেসময় ফিফার আন্তর্জাতিক বিরতি চলবে। ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ঘরের মাঠে নামবে বাংলাদেশ।


