আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: কলম্বিয়ার জঙ্গলে আধিপত্য বিস্তার এবং কোকেন পাচারের গুরুত্বপূর্ণ রুটের নিয়ন্ত্রণ নিয়ে ফার্ক (FARC) গেরিলাদের দুই বিদ্রোহী উপদলের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) রাজধানী বোগোতা থেকে ৩০০ কিলোমিটার দূরে গুয়াভিয়ারে বিভাগের এল রেতোর্নো এলাকায় এই ঘটনা ঘটে। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে দেশটিতে ঘটা অন্যতম বড় সংঘাত।
সামরিক সূত্র জানিয়েছে, সংঘর্ষে লিপ্ত দুটি গ্রুপই একসময় ‘সেন্ট্রাল জেনারেল স্টাফ’-এর অন্তর্ভুক্ত ছিল। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের জেরে ২০২৪ সালের এপ্রিলে তারা আলাদা হয়ে যায়। একটি পক্ষের নেতৃত্বে আছেন আইভনা মরদিস্কো (নেস্তর গ্রেগরিও ভেরা), যিনি সরকারের সঙ্গে অস্ত্রবিরতি ভেঙে লড়াইয়ে ফিরেছেন। অন্যটির নেতৃত্বে আছেন কালার্কা করদোবা (আলেকজান্দার দিয়াস মেন্দোসা), যিনি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যুক্ত। নিহতদের সবাই মরদিস্কোর অনুসারী বলে ধারণা করা হচ্ছে।
উভয় গ্রুপই ২০১৬ সালের ঐতিহাসিক শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল। ছয় দশকের বেশি সময় ধরে চলা এই সংঘাতে এ পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্লেষকদের মতে, গেরিলাদের এই অভ্যন্তরীণ সংঘাত প্রেসিডেন্ট পেত্রোর ‘পূর্ণাঙ্গ শান্তি’ প্রতিষ্ঠার উদ্যোগকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






